যুক্তরাষ্ট্রের জাতীয় লীগে সাকিব-তামিম। সতীর্থ হচ্ছেন যারা
তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে। এই দলের প্রধান কোচ মঈন খান। সাবেক পাকিস্তানি ক্রিকেটারের অধীনে তামিম ছাড়াও খেলবেন শহীদ আফ্রিদি, কুশল পেরেরা, জেসন বেহরেনডর্ফ, ওয়াহাব রিয়াজ, নিক কেলি।
সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। এই দলের কোচ মিকি আর্থার। শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাবেক প্রধান কোচের অধীনে সাকিব ছাড়াও খেলবেন টিমাল মিলস, জনসন চার্লস, হাশমতউল্লাহ শহীদি, রুম্মান রঈস ও হ্যারি টেক্টর।
এছাড়া আটলান্টা কিংস ক্রিকেট ক্লাবে ব্লেয়ার ফ্লাঙ্কলিন এর কোচিংয়ে খেলবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, স্যাম বিলিংস, ইমরান তাহির, জিমি নিশাম, দানিশ আজিজ ও টম মুরস। ভিভ রিচার্ড কোচ হিসেবে আছেন ডালাস লনেস্টার্সের। এই দলে খেলবেন কেশব মহারাজ, দীনেশ কার্তিক, কলিন মুনরো, শোয়েব মাকসুদ, বিনুরা ফার্নান্দো ও প্রজ্ঞান ওঝা।
সনাথ জয়াসুরিয়ার কোচিংয়ে নিউইয়র্ক লায়ন্সে খেলবেন সুরেশ রায়না, মোহাম্মদ নবী, তাবরাইজ শামসি, উপুল থারাঙ্গা, আসাদ শফিক ও বেন কাটিং। আর ভেঙ্কাটেশ প্রসাদের কোচিংয়ে শিকাগো ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন রবিন উথাপ্পা, সিকান্দার রাজা, ক্রিস লিন, ভানুকা রাজাপক্ষে, দীনেশ চান্দিমাল ও সোহেল তানভীর।
এদিকে ন্যাশনাল ক্রিকেট লিগ ইউএসএর উদ্যোগে আয়োজন করা হচ্ছে এক লঞ্চ পার্টির, যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সাকিব আল হাসান, সুনীল গাভাস্কার, ভিভ রিচার্ডস, ওয়াসিম আকরাম, ভেংসরকার ও শহীদ আফ্রিদির। যদিও তখন ভারত সিরিজ চলমান থাকবে, তবে এর মাঝে বিরতি নিয়েই স্বল্প সময়ের জন্য আমেরিকা ছুটে যেতে পারেন সাকিব।
৫ দলের টুর্নামেন্ট শুরু হবে ৪ অক্টোবর, শেষ হবে ১৪ অক্টোবর। ১২ অক্টোবর পর্যন্ত চলবে ভারত-বাংলাদেশ সিরিজ, সাকিব যেখানে খেলবেন, তামিম দেবেন ধারাভাষ্য। তাই তাদের পুরো টুর্নামেন্টে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
