B1

ইমনের টানা দ্বিতীয় সেঞ্চুরি

 

ইমনের টানা দ্বিতীয় সেঞ্চুরি 
টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন।

ডিপিএলে সিটি ক্লাবের বিপক্ষে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরি ও জাকির হাসানের ফিফটিতে  ৩০৫ রানের সংগ্রহ পেয়েছে প্রাইম ব্যাংক। এ নিয়ে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করলেন পারভেজ হোসেন ইমন। যোগ্য সঙ্গ দিয়েছেন জাকির হাসান। তবে তেমন জ্বলে উঠতে পারেননি বাকিরা। রানখরায় বন্দী আছেন তামিম ইকবালও।

আগেরদিন মাঠে আসতে দেরী হলেও এদিন প্রাইম ব্যাংকের হয়ে ওপেনিং করতে নামেন তামিম ইকবাল। তবে এদিনও ব্যর্থ হয়েছেন তামিম। আউট হন মাত্র ৬ রানে। এরপর বড় জুটি গড়েন আগের ম্যাচের সেঞ্চুরিয়ন পারভেজ হোসেন ইমন ও জাকির হাসান। দুইজনে গড়েন ১৫৭ রানের জুটি। দুইজনেই তুলে নেন ফিফটি। 

জাকির সিটি ক্লাবের পেসার মেহেদি হাসানের শিকার হয়ে প্যাভলিয়নে ফেরেন ৭৯ রানে। তার ইনিংস সাজানো ছিল আটটি চার ও এক ছক্কায়। এরপর নাঈম ইসলামকে নিয়ে এগোতে থাকেন ইমন। স্পিনার সঞ্জিত সাহার শিকার হয়ে নাঈম অল্পতেই বিদায় নেন। তবে সেঞ্চুরি তুলে নেন ইমন। ১১৪ বলে সমান পাঁচটি করে চার ও ছক্কায় ১০০ রান করে মঈনুল ইসলামের বলে সাদিকুর রহমানের হাতে ক্যাচ দিয়ে আউট হন ইমন। 


আগের দিন সেঞ্চুরি করলেও এদিন ব্যর্থ শাহাদাত হোসেন দীপু। শেষদিকে ঝড়ো ইনিংস খেলেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিথুন। শেখ মেহেদীকে নিয়ে তার গড়া জুটিতে আসে ৪৭ রান। মাত্র ২৯ বলে চারটি চার ও দুই ছক্কায় মিথুন করেন ৪২ রান। বেশি করতে পারেননি মেহেদী হাসানও। তিনি থামেন ১৮ রানে। শেষ পর্যন্ত ৩০০ পেরোয় প্রাইম ব্যাংকের ইনিংস। 


চার উইকেট শিকার করেন সিটি ক্লাবের পেসার মেহেদি হাসান।

আরও পড়ুন...  


Blogger দ্বারা পরিচালিত.