পাথিরানার চোটে কপাল খুলবে মুস্তাফিজের?
পাথিরানার চোটে কপাল খুলতে পারে মুস্তাফিজের।
আইপিএলের এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলে দেশের সমর্থকদের সকল আগ্রহ তাই মুস্তাফিজকে ঘিরেই। এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন ফিজ।
তবে আসর শুরুর আগেই কিছুটা হোঁচট খেয়েছে চেন্নাই। দলের গুরুত্বপূর্ণ সদস্য ‘বেবি মালিঙ্গা’ খ্যাত মাথিশা পাথিরানা বাংলাদেশ সফরে এসে পড়েছেন চোটে। গত আসরে চেন্নাইয়ের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন পাথিরানা। ১২ ম্যাচে শিকার করেছিলেন ১৯ উইকেট। বিশেষ করে ডেথ ওভারে তার বোলিং ছিল বেশ নজরকাড়া। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পাথিরানাকে। যার ফলে আগামী ২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে শুরু থেকে পাথিরানাকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস।
চেন্নাইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘সে কখন থেকে খেলতে পারবে এই বিষয়টি জানার জন্য আমাদের এসএলসির সাথে কথা বলতে হবে। সে আমাদের বেশ গুরুত্বপূর্ণ একজন বোলার। তবে এসব ব্যাপার হয়েই থাকে।’
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় পাথিরানাকে নিয়ে বেশ সতর্ক থাকবে শ্রীলঙ্কা। চেন্নাইয়ের হাতেও আছে বিকল্প। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবার আছেন চেন্নাইয়ের ডেরায়। পাথিরানার চোটের কারণে কপাল খুলেও যেতে পারে মুস্তাফিজের। তাছাড়া চেন্নাইয়ের উইকেট কিছুটা ধীরগতির হওয়ায় সেখানে মুস্তাফিজের স্লোয়ার-কাটার কার্যকরী হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। আর পাথিরানা শুরুর দিকে না থাকায় একাদশে মুস্তাফিজের সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। বেশ বড় দায়িত্বই হয়ত নিতে হতে পারে মুস্তাফিজকে।
মুস্তাফিজ প্রসঙ্গে চেন্নাই সুপার কিংসের সেই কর্মকর্তা জানিয়েছেন, ‘ফিজ ২০ মার্চ ক্যাম্পে যোগ দেবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে আমাদের ম্যাচের কিছু দিন আগেই। সে জানে এখানে কী করতে হবে এবং আমরা দেখব সে কোন অবস্থায় আছে।’
আইপিএলের উদ্বোধনী ম্যাচে আগামী ২২ মার্চ মুখোমুখি হবে মুস্তাফিজদের চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
